যশোর জেলা প্রতিনিধি

যশোরের বাজারে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে শীতকালীন সবজির সরবরাহ। সেই সঙ্গে কমেছে দাম। যা গত দুই সপ্তাহের তুলনায় চার ভাগের তিন ভাগ, অর্থাৎ দুই সপ্তাহ পূর্বে যে মানের ফুলকপি ১২০ টাকায় বিক্রি হয়েছে বর্তমানে সেটি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বুধবার সকালে যশোরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজার ঘুরে এসব তথ্য মিলেছে।

বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে মানভেদে ফুলকপি কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, মুলা ২৫ থেকে ৩৫ টাকা, মুলা শাক ২৫ থেকে ৩০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, শিমের বীজ ১৬০ টাকা, মিষ্টি আলু ১০০ থেকে ১২০ টাকা, মিচুড়ি ৫০ থেকে ৬০ টাকা, পালংশাক ৪০ থেকে ৫০ টাকা, মেটে আলু ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, জলপাই ৩০ থেকে ৩৫ টাকা, গাজর ১২০ টাকা, বিটকপি ১১০ থেকে ১৩০ টাকা, ধনেপাতা ১০০ থেকে ১৫০ টাকা, শালগম ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৫০ থেকে ৭০ টাকা, কচুর মুখী ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৮০ টাকা, উচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৫০ টাকা, সবুজ শাক ও লাল শাক ৩০ থেকে ৪০ টাকা, পটল ৩০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শসা ৩০ থেকে ৪০ টাকা, ওল ৮০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, কাঁচকলা ২৫ থেকে ৩৫ টাকা, আমড়া ৩০ থেকে ৫০ টাকা, মানকচু ৫০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, কুশি ৫০ টাকা ও ডাটা ৩০ টাকা বিক্রি হয়েছে। এছাড়া লাউ আকারভেদে ৪০ থেকে ৫০ টাকা পিস এবং কাগজি লেবু ৩০ টাকা প্রতি হালি বিক্রি হয়েছে।

সবজি বিক্রেতা লিয়াকত জকু বলেন, রোজ শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। ভোক্তাদের চাহিদাও বেড়েছে।

শহরের চৌরাস্তা বস্তাপট্টি এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বাদল বলেন, বাজারে এখন সবজি সস্তা। অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার করতে পারছি।

মুদিপণ্যের বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে খোলা সয়াবিন তেল কেজিপ্রতি ২০৬ থেকে ২২০ টাকা, সরিষার তেল ২২০ থেকে ২৩০ টাকা, পাম তেল ১৮৭ থেকে ১৯০ টাকা, সুপার তেল ১৯৪ থেকে ১৯৮ টাকা, পোলাও চাল ১৩০ থেকে ২১০ টাকা, আটা ৪৫ থেকে ৪৮ টাকা, ময়দা ৬৫ থেকে ৭০ টাকা, ছোলার ডাল ১১০ থেকে ১২০ টাকা, মুগ ডাল ১৫০ থেকে ১৬০ টাকা, মসুরি ডাল ৯০ থেকে ১৬০ টাকা, বুটের ডাল ৫৫ থেকে ৬০ টাকা, সাদা চিনি ১১০ টাকা, লাল চিনি ১২০ থেকে ১২৫ টাকা, আলু ২০ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা, রসুন ৮০ থেকে ১২০ টাকা, আদা ১৮০ থেকে ২০০ টাকা বিক্রি হয়েছে।

মুদিপণ্য বিক্রেতা আসলাম স্টোরের স্বত্বাধিকারী আজমল হোসেন বলেন, বাজার স্থিতিশীল রয়েছে। তবে ভোজ্যতেলের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা, লেয়ার ৩০০ থেকে ৩৪০ টাকা, সোনালী ২৮০ থেকে ৩০০ টাকা ও হাঁস ৩০০ টাকা বিক্রি হয়েছে।

সাদ্দাম ব্রয়লার হাউজের স্বত্বাধিকারী সাদ্দাম মোল্লা বলেন, সব মুরগিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পূর্ণ শীতে মুরগির দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

গরুর ও খাসির মাংসের বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে গরুর মাংস কেজিপ্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা ও খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকা বিক্রি হয়েছে।

বাবুঘাট কাঠেরপুলের মাংস বিক্রেতা জিন্দার শেখ বলেন, গরুর মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। কিন্তু বাড়তি দামে আমাদের গরু কিনতে হচ্ছে।

ঘোপ জেল রোডের বাসিন্দা সাদেক আলম বলেন, গরুর মাংসের গায়ে আগুন। আমাদের মতো শ্রমিকদের জন্য গরুর মাংস নয়।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে দেড় কেজি সাইজের রুই মাছ ৩২০ টাকা, সাড়ে তিন কেজি সাইজের কাতলা ৩৮০ টাকা, হরিণা চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা, বাগদা চিংড়ি ৯০০ টাকা, চাকা চিংড়ি ৮০০ টাকা, গলদা চিংড়ি ৯৫০ থেকে ১০০০ টাকা, ভেটকি ৭০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পারশে ৫০০ থেকে ৬০০ টাকা, পুঁটি ২৫০ থেকে ৩৫০ টাকা, বেলে ৪০০ থেকে ৬০০ টাকা, চাপলে ৪০০ টাকা, দেশি টেংরা ৫০০ থেকে ৬০০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২১০ টাকা, নাইলোটিকা ১৬০ থেকে ২৪০ টাকা, কৈ ২৮০ থেকে ২৫০ টাকা, শিং ৪০০ থেকে ৫০০ টাকা ও শোল ৬০০ থেকে ৬৫০ টাকা বিক্রি হয়েছে।

মাছ বিক্রেতা জয় দাস বলেন, এখন মাছের দাম কমবে। খাল-বিল শুকিয়ে মাছ ধরার ধুম পড়বে।

শহরের পিটিআই রোড ষষ্ঠীতলা পাড়া এলাকার বাসিন্দা আশরাফ চৌধুরী বলেন, মিঠা পানির মাছের দাম একটু কমেছে মনে হলো। তবে ইলিশের গায়ে আগুন।

এদিকে ইলিশ মাছের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ১ কেজি সাইজের ইলিশ মাছ ২০০০ থেকে ২৫০০ টাকা, আটশ গ্রাম সাইজের ১৫০০ টাকা, চারশ গ্রাম সাইজের ১১০০ টাকা বিক্রি হয়েছে।

ইলিশ মাছ বিক্রেতা আলাউদ্দিন ব্যাপারী বলেন, সরকারি নিষেধাজ্ঞা শেষে ইলিশ আহরণ শুরু হওয়ার পর মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। মাছের দাম কিছুটা কমায় বিক্রি বাড়ছে।

মিস্ত্রীখানা রোডের বাসিন্দা মুকুল হোসেন বলেন, ইলিশের দাম কিছুটা কমেছে সত্য কিন্তু সেটা উল্লেখযোগ্য নয়।

ডিমের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে লাল ডিম হালিপ্রতি ৩৮ থেকে ৪৪ টাকা, সাদা ডিম ৩৮ থেকে ৪০ টাকা, হাঁসের ডিম ৬৬ থেকে ৬৮ টাকা, পাকিস্তানি ৪০ টাকা ও কোয়েল পাখির ডিম ১৪ টাকা বিক্রি হয়েছে।

দুই ভাই স্টোরের পরিচালক মাসুদ রানা বলেন, ডিমের দাম অনেক কমেছে। তবে সেটা যদি উৎপাদন খরচের চেয়ে কম হয় তাহলে খামারি বসে যাবে।

চালের বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে সুপার মিনিকেট চাল কেজিপ্রতি ৬০ টাকা, মিনিকেট ৫৬ টাকা, কাজললতা ৫২ টাকা, নাজিরশাইল ৯২ টাকা, স্বর্ণা ৪৫ থেকে ৫০ টাকা, বিল আমন ৬০ টাকা, বাসমতি ৭৫ থেকে ৮২ টাকা, আটাশ ৫২ থেকে ৫৫ টাকা, মোটা ৬১ টাকা ও নূরজাহান ৫০ টাকা বিক্রি হয়েছে।

চালের পাইকারি ও খুচরা বিক্রেতা আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী বদরুল আলম বলেন, বাজার স্থিতিশীল থাকলেও আমাদের বেচাকেনা ভালো না।