ফারুক হোসেন, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় একটি গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোয়ালঘর, পাশে থাকা খড়ের স্তূপ, পাটখড়ি ও প্রায় তিন-চার মণ পাট পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে নলডাঙ্গা উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে শ্রী সঞ্জীত সরকারের (৩৫) নিজ গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত বলরাম সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সঞ্জীত সরকার বাড়ির পাশের পাকা রাস্তায় বসে ছিলেন। হঠাৎ নিজের গোয়ালঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে জানানো হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সঞ্জীত সরকার বা তাঁর পরিবারের সদস্যরা কেউ আগুন লাগানোর ঘটনা প্রত্যক্ষ করেননি বলে জানা গেছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোয়ালঘরসহ পাশে থাকা খড়ের স্তূপ, পাটখড়ি এবং তিন-চার মণ পাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।