ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) শহরের শ্রীঅঙ্গনপল্লীর করুণাময়ী কালীমন্দির বাগানবাড়িতে তিন দিনব্যাপী পূজার দ্বিতীয় দিনে এ আয়োজন করা হয়।

এ বছর উমা কুমারী হিসেবে পূজিত হয় ৬ বছর বয়সী সায়নী দেবনাথ। সে শহরের গোয়ালচামট খোদা বক্স রোড সড়কের বাসিন্দা সমর ও সুমি দেবনাথ দম্পতির কন্যা।

হিন্দু শাস্ত্রীয় রীতি অনুযায়ী, কুমারী শিশুকে দেবীর জীবন্ত প্রতীক হিসেবে পূজা করা হয়। পূজায় পৌরোহিত্য করেন বিশ্বজিৎ চক্রবর্তী ও নীলকমল ঝাঁ। অনুষ্ঠানে করুণাময়ী কালী কীর্তন পরিবেশিত হয়।

পূজা উপলক্ষে পুষ্পাঞ্জলি, কুমারী পূজা, ভোগ আরতি, হোম ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সন্ধ্যায় আরতি ও কালী কীর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে পূজা দেখতে ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন।