নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলামের মাধ্যমে নাগেশ্বরীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারকাজের জন্য মোট ৩৬ লাখ টাকার সরকারি বরাদ্দের চিঠি প্রদান করা হয়েছে।

বরাদ্দের আওতায় আসা নগর আছমত সরকার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কারকাজের জন্য ২০ লাখ টাকা এবং হাসনাবাদ জনতা বিদ্যা বিতান উচ্চ বিদ্যালয়ের জন্য ১৬ লাখ টাকা বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে।

এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলামের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বরাদ্দের চিঠি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, নাগেশ্বরী পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আফজাল হোসেন এবং নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ বরাদ্দের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির অবকাঠামোগত সংস্কার ও পরিবেশ উন্নয়নের সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, সংস্কারকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সংস্কারে সরকারি বরাদ্দের এই উদ্যোগকে স্থানীয় শিক্ষা অঙ্গনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।