পিরোজপুর প্রতিনিধি

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় আইডিইবি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আইডিইবির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইডিইবি পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈয়দ মো. মোহসিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. বাচ্চু মিয়া। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি জেলা শাখার সহসভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ হোসনেয়ারা পপি, প্রকৌশলী মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক আকাশ কান্তি সেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ডিপ্লোমা প্রকৌশলীরা।

আলোচনা সভায় বক্তারা দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে দক্ষ ও প্রশিক্ষিত ডিপ্লোমা প্রকৌশলী তৈরির বিকল্প নেই। এ ক্ষেত্রে আইডিইবির সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।