গত ১৭ নভেম্বর মঙ্গলবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ও দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকায় “চুনারুঘাট ডাকঘরে ১৪ বছর ধরে একই কর্মস্থলে পোস্টাল অপারেটর নজরুল” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আমার সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমাকে ব্যক্তিগত, সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে বলে আমি মনে করি।
প্রকৃত তথ্য হলো, চাকরিজীবনে আমি বিধি মোতাবেক বিভিন্ন কর্মস্থলে বদলি হয়ে দায়িত্ব পালন করেছি। পদোন্নতি পাওয়ার পর প্রথম শূন্য পদে ২০১৯ সালের ১৭ জানুয়ারি চুনারুঘাট পোস্ট অফিসে যোগদান করি। পরবর্তী সময়ে নির্ধারিত তিন বছরের কর্মকাল পূর্ণ হওয়ায় ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর বাহুবল উপজেলা পোস্ট অফিসে যোগদান করি। পরবর্তীতে চুনারুঘাট পোস্ট অফিসের অনলাইন সেবা সচল রাখার স্বার্থে ডাক বিভাগের বিভাগীয় আদেশে বাহুবল থেকে পুনরায় চুনারুঘাটে বদলি করা হয়। সেই থেকে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি।
এখানে উল্লেখ্য, ২০১৯ সালের জুলাই মাস থেকে সঞ্চয়পত্রের কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় নগদে লেনদেনের কোনো সুযোগ নেই। বর্তমানে সঞ্চয়পত্রের যাবতীয় লেনদেন ব্যাংক হিসাব ও চেকের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে সঞ্চয়পত্রের অর্থ সরাসরি হাতে গ্রহণেরও কোনো সুযোগ নেই।
অতএব, চুনারুঘাট উপজেলা ডাকঘরে আমি টানা ১৪ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালন করছি—প্রকাশিত সংবাদের এমন তথ্য সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। চাকরিজীবনে আমি কোথাও একই কর্মস্থলে টানা তিন বছরের বেশি দায়িত্ব পালন করিনি।
আমি প্রকাশিত সংবাদে পরিবেশিত ভুল ও বিভ্রান্তিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে প্রতিবাদলিপিটি যথাযথ গুরুত্বসহকারে প্রকাশের অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ নজরুল ইসলাম
পোস্টমাস্টার (অতিরিক্ত দায়িত্ব)
চুনারুঘাট পোস্ট অফিস
জেলা: হবিগঞ্জ।