ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া শহরের কুটিপাড়া এলাকায় গড়াই নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া মডেল থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া এলাকায় ফারুক হোসেনের পরিত্যক্ত খামারের উত্তর পাশে গড়াই নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় কালো রঙের লোহার তৈরি একটি দেশীয় ওয়ান শুটার গান এবং এক রাউন্ড সবুজ রঙের লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি। এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করতে পারেনি এসআরবি।