ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুপারি চাষ ও ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্ধকোটি টাকার একটি শক্তিশালী অর্থনীতি। স্থানীয় কৃষকদের উৎপাদিত এই সুপারি সংগ্রহ, বাছাই এবং সংরক্ষণের পর রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে। কেবল চাষি বা পাইকারই নন, বরং এই পুরো সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন শত শত মানুষ। ভেড়ামারায় সুপারি চাষে ব্যাপক সফলতা দেখা দিয়েছে। বিনা খরচে বাড়তি আয় হওয়ায় ধীরে ধীরে বাড়ছে এ চাষের পরিধি। ফলন ভালো হওয়ায় এবং বাজারে চাহিদা থাকায় স্থানীয় অর্থনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভেড়ামারার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার প্রায় ৭২৫ হেক্টর জমিতে সুপারি চাষ করা হয়। পদ্মার তীরবর্তী বাহাদুরপুর, গোলাপনগর, রায়টা, জুনিয়াদহ, ক্ষেমিরদিয়াড়, বাহিরচর অঞ্চলের বহু পরিবারের কাছে সুপারিগাছ হলো দীর্ঘদিনের সঞ্চিত সম্পদের মতো। মূলত ভাদ্র মাস থেকে শুরু করে অগ্রহায়ন মাস পর্যন্ত সুপারি সংগ্রহ ও বিপণনের মূল মৌসুম চলে। এ সময়ে বিভিন্ন গ্রাম ও হাটবাজার থেকে পাইকারেরা সুপারি কিনে উপজেলার ফারাকপুর উত্তর রেল গেট, বাহাদুরপুর কুচিয়ামোড়া বাজারে নিয়ে আসেন। সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে সুপারি পৌঁছে দেন ব্যবসায়ীরা।

এই বাণিজ্যের একটি বড় দিক হলো সুপারি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। ব্যবসায়ীরা মৌসুমে কাঁচা সুপারি কিনে আকারভেদে আলাদা করেন এবং পরবর্তীতে পানিতে ভিজিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করেন। ফলে মৌসুম শেষ হয়ে গেলেও সারা বছর জুড়েই বাজারের চাহিদা মেটানো সম্ভব হয়। তাছাড়া বর্তমানে বাজারে সুপারির দামও বেশ সন্তোষজনক রয়েছে। ৮০টি সুপারি বর্তমানে ১৬০ থেকে ২০০ টাকা এবং শুকনা সুপারি প্রতি কেজি ৩৮০ থেকে ৪১০ টাকায় বিক্রি হচ্ছে। কেবল কুচিয়ামোড়া বাজারেই বছরে প্রায় অর্ধ কোটি টাকার সুপারি বেচাকেনা হয়ে থাকে।

পানের সাথে সুপারি খাওয়া ছাড়াও আহারের পরে অনেকেই মুখের স্বাধ ফিরে পাবার জন্য শুধু সুপারি খেয়ে থাকেন। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন আচার অনুষ্ঠানে প্রীতিভোজ শেষে পান সুপারি দিয়ে আপ্যায়ন এর একটা রেওয়াজ আছে এবং বাড়িতে মেহমান এলেও পান, সুপারি দিয়ে আপ্যায়িত করা একটি সামাজিক শিষ্টাচার বলে অবিহিত। বর্তমানে আমাদের দেশে প্রধানত পানের সাথেই সুপারী ব্যবহার করা হয়। তাছাড়া বয়স্ক সুপারি গাছ বেড়া, চালা এবং খুঁটি হিসেবে ব্যবহার করা যায়। সুপারি পাতাও বেড়া হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া সুপারি গাছ বাড়ির শোভাবর্ধন ও বায়ু প্রতিরোধী হিসেবে কাজ করে।

তবে এত সম্ভাবনার মধ্যেও সুপারি উৎপাদনের সামনে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, নতুন করে সুপারি বাগান তৈরির প্রবণতা দিন দিন কমে যাচ্ছে এবং অনেকে পুরোনো গাছ কেটে বাড়িঘর নির্মাণ করছেন। এতে ভবিষ্যতে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি দেশীয় বাজারে বিদেশি সুপারির প্রবেশ ঠেকাতে আমদানি বন্ধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ভেড়ামারা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা জানিয়েছেন, এই চাষে সেচ বা সার বীজ ব্যবহারে তেমন প্রয়োজন নেই, ঝুট ঝামেলা ছাড়াই অল্প শ্রমে কৃষকরা এ চাষে লাভবান হচ্ছেন, কৃষকদের সুপারি চাষ অব্যাহত রাখতে এবং সঠিক উৎপাদন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।