আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য ও সংঘাত নিরসনে বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি সরকার ন্যায়বিচারে বিশ্বাস করে, বিএনপি সরকার মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে কেন এমন হচ্ছে এসব লগি-বৈঠার রাজনীতি ছাড়েন। দেশ গড়ার কাজে সহযোগিতা করুন। মানুষের সাথে মিলেমিশে কাজ করুন। আর তা যদি না করেন, তাহলে আপনাদের অবস্থা হবে ভয়াবহ। আগামীকাল থেকে সারা দেশে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা মাঠে নামবে। আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না, যেমন করে পালিয়েছে আপনাদের নেতা।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মুদারেস আলী ইসা, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার প্রমুখ।