আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ, যশোর জেলা শাখার আহবায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব কমরেড ডা. হারুন অর রশীদ বলেন, বাণিজ্য চুক্তি নিয়ে গত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে বিচারের মুখোমুখি করতে হবে। গ্রামীণ ব্যাংকসহ ইউনুসের সকল ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে হবে। তিনি ক্ষমতায় থাকাকালে আমাদের পরাধীন করে দিয়ে গেছে।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব কমরেড ডা. হারুন আরও বলেন, ‘নয় বছরের শাসনামলে স্বৈরাচার এরশাদ যতটা মানুষকে হত্যা করেছে; মাত্র ৩৬ দিনে তার চেয়ে বেশি মানুষ হত্যা করেছে শেখ হাসিনা এবং এই হত্যার জবাব তাদের দিতে হবে’। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি প্রশ্ন রেখে তিনি আরও বলেন, গত ১৭ বছর জনগণের ভোটাধিকার হরণ করার অধিকার আপনাদের কে দিয়েছে, কেন দিনের ভোট রাতে হয়েছে, আর কারাই বা ১৭ বছর ভোট দিয়েছে।
ময়মনসিংহের ভালুকায় নিহত পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবি করে ভাসানী পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ডা. হারুন অর রশীদ বলেন, ৫০ লক্ষ টাকা দিয়ে কারো বিচার বাধাগ্রস্ত করার অধিকার কারো নেই। মওলানা ভাসানীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে। তিনি কাউকে ভয় পেতেন না। চোখে চোখ রেখে কথা বলতেন। তিনি ভারত, আওয়ামী লীগ এবং শেখ মুজিবের বিরোধিতা করেছেন।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ, যশোর জেলা শাখার আহবায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী পরিষদের কেন্দ্রীয় নেতা তাহেরা বেগম জলি, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক তসলিমুর রহমান, অধ্যাপক ইসরারুল হক, লেখক গবেষক মফিজুর রহমান রুননু, কৃষক নেতা গাজী আব্দুল হামিদ ও মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাম নেতা ইকবাল কবীর জাহিদ, জিল্লুর রহমান ভিটু, নাজিম উদ্দীন, জয়তি সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সদস্য সচিব এস এম মুস্তাফিজুর রহমান কবির এবং কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানের পূর্বে একক ও গণ সংঙ্গীত পরিবেশিত হয়।