তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে ফজলুর রহমান নামের এক ব্যবসায়ীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে বিএনপি নেতার তদ্বির বা আর্থিক লেনদেনের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে ‘তানোরে বিকেলে আওয়ামী লীগ নেতা আটক, রাতে বিএনপির নেতার তদ্বিরে ছাড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সঠিক নয়, বিভ্রান্তিকর, বাস্তব বিবর্জিত ও উদ্দেশ্যেপ্রণোদিত বলে জানানো হয়েছে। একটি গোষ্ঠী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার শুরু করেছে। এমনকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিমকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালানো হয়েছে। অথচ পুলিশ চাইলে যেকোনো সময় যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যেতে বা ডাকতে পারে, সেটা আর আটক এক জিনিস নয়। তাহলে এখানে তদ্বির ও আর্থিক লেনদেনের অভিযোগ করা কতটা যৌক্তিক?
স্থানীয় সূত্রে জানা যায়, ধানুরা গ্রামের মফিজ উদ্দিনের পুত্র ব্যবসায়ী ফজলুর রহমানকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তানোর থানা পুলিশ নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ ও তাঁর মুঠোফোন অনুসন্ধান করে আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এমতাবস্থায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তবে ফজলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি মাহমুদুল হাসান। তাঁর ভাষ্য, সন্দেহের ভিত্তিতে ফজলুর রহমানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যাচাই-বাছাই করে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা বা দলীয় পদে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে পোস্ট দেওয়ার বিষয়ে ওসি বলেন, তিনি আগে পোস্ট দিতে পারেন, তবে বর্তমানে দেন না।