সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার সদরে যুবদলের মিছিল দেখে ইউসুফ মুন্সী (৪০) নামের এক ভ্যানচালক ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
আটককৃত ইউসুফ উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যানচালক।
ওই মিছিলটির নেতৃত্ব দেওয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইসারত জানান, দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে তারা একটি মিছিল বের করেন। মিছিলটি মাদ্রাসা মোড়ে এলে ওই ব্যক্তি বারবার ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। তিনি জানান, পরে আমরা তাকে ধরে সদরপুর থানায় সোপর্দ করি।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের এক আ.লীগ সমর্থককে থানায় সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।