পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় পৃথক অগ্নিসংযোগ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেছারাবাদে ভয়াবহ আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে, নাজিরপুরে বিএনপির একটি দলীয় কার্যালয়, দুই নেতার ব্যক্তিগত কার্যালয় এবং চারটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড : সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে যায়। এতে একাধিক ব্যবসায়ী ও দুটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসির দিক থেকে প্রথমে আগুনের কুণ্ডলী দেখতে পান স্থানীয় কয়েকজন। তাঁদের চিৎakaran আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন বাজারের খালপাড়ের সারিবদ্ধ দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে বাজারে এসে তিনি নিজের দোকানসহ আশপাশের দোকানগুলো আগুনে পুড়তে দেখেন। এতে তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অপর ব্যবসায়ী পরিমল জানান, একটি রেস্টুরেন্ট ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁদের ধারণা। রাত থেকে ভোর পর্যন্ত স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বাজারের অন্য পাশে তাঁর দোকান থাকায় সেটি রক্ষা পেলেও অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন।

বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ভোর ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। তাঁর দাবি, দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো। তিনি আরও জানান, আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে। বসতঘর হারানো দুটি পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রাম এলাকার সড়কের একটি সেতু ভাঙা থাকায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া বাজারের টাওয়ার মোড় এলাকায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ এবং দুই নেতার ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই ঘটনায় বাশবাড়িয়া বাজারে বিএনপি নেতার মালিকানাধীন চারটি দোকানেও আগুন দেওয়ার অভিযোগ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটান।

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালিখালী ইউনিয়নটি টুঙ্গিপাড়া উপজেলার সীমান্তসংলগ্ন। তাঁর অভিযোগ, টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে মালিখালীতে এ ঘটনা ঘটান।

মালিখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রনি অভিযোগ করেন, দুপুর ১টার দিকে দেশীয় অস্ত্রসহ একটি মিছিল ঝনঝনিয়া এলাকায় প্রবেশ করে। মিছিল শেষে ফেরার পথে ঝনঝনিয়া টাওয়ার মোড়ে অবস্থিত বিএনপির ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, টুঙ্গিপাড়া উপজেলার বাশবাড়িয়া বাজারে মোতালেব হোসেনের মালিকানাধীন কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার, ইলেকট্রিক হাউস ওয়্যারিং ও রেফ্রিজারেশন, ফটো স্টুডিও এবং সিসি ক্যামেরা বিক্রয় ও সার্ভিসিংয়ের চারটি দোকানে অগ্নিসংযোগ করা হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পার্শ্ববর্তী টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. ফেরদৌস খান (লিটন), পিতা মো. শাহাদাত হোসেন, সাংগঠনিক পরিচয় হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের ২ নম্বর সদস্য; মো. রুহুল আমিন (৫০), পিতা সোলেমান হাওলাদার, যিনি সাবেক মালিখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত; এবং অমল হীরা, পিতা মৃত শিবচন্দ্র হীরা, যিনি মাটিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।