বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে রাতের খাবার শেষে ঘুমিয়ে থাকা অবস্থায় বসতঘরে প্রবেশ করে তিন বোনসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে একদল কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কালাইয়া বন্দর এলাকার গোরস্থান সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন— ঝুমুর (৩১), রিনা (২৭), সাথী (২৬) এবং হাসান (২৮)। এদের মধ্যে তিন বোন (ঝুমুর, রিনা ও সাথী) স্থানীয় মো. হারুনের সন্তান এবং হাসান একই এলাকার আলী হোসেন মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন বোন একই ঘরে বসবাস করতেন। বখাটে কিশোররা দীর্ঘদিন ধরে তাঁদের উত্ত্যক্ত ও বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর প্রতিবাদ করায় তাঁদের সঙ্গে ওই কিশোরদের বিরোধ তৈরি হয়। এরই জেরে রোববার রাতে তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় শিহাবের নেতৃত্বে ওমর, খাইরুল ও ইশাসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত ঘরে ঢুকে হামলা চালায়। এতে চারজন আহত হন।

আহত ঝুমুর গণমাধ্যমকে জানান, অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাঁর বোনদের উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিত। এ বিষয়ে প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রির মিথ্যা অপপ্রচার চালানো হয়। তাদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়েছে।

এদিকে অভিযুক্ত শিহাব দাবি করেন, তাঁর এক বন্ধুকে মারধর করা হয়েছে—এমন খবর পেয়ে তিনি কেবল ঘটনাস্থলে গিয়েছিলেন এবং মারামারি থামানোর চেষ্টা করেছেন। ধাক্ধাকাক্কির ঘটনায় কেউ আহত হয়ে থাকতে পারেন, তবে তিনি বা তাঁর সঙ্গীরা কাউকে মারধর করেননি বলে দাবি করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইএম নাঈম সাকিব জানান, আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”