ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক তিনটি মামলায় ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুর রহমান মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার ধুবইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুবইল বাজার এলাকায় অভিযান চালিয়ে মাহাবুর রহমান মামুনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মিরপুর থানায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে মিরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।