যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোরে আরমিন আক্তার দোলা (২৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে। রোববার দুপুরে শহরের বেজপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দোলা বেজপাড়া পৌর এলাকার আরব আলীর মেয়ে।
ভুক্তভোগীর ভাই মেশকাত হোসেন সজিব জানান, তার ছোট বোন দোলা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। নিয়মিত তার চিকিৎসা চলছিল। এরই মধ্যে ঘটনার দিন দুপুরে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দোলা। পরে বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।