পিরোজপুর প্রতিনিধি
তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের উদ্যোগে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংকের পিরোজপুর মুখ্য অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের পরিচালক হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক প্রদীপ রঞ্জন দেবনাথ ও অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার দত্ত। কর্মশালায় পিরোজপুর জেলার বিভিন্ন ব্যাংকের শাখা ও উল্লেখযোগ্য এনজিও প্রতিষ্ঠানের দেড় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্টে তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি পরিচালক শারমিন আক্তার ও সহকারী পরিচালক মো. ওমর ফারুক।
বক্তারা তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। এ কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকারদের সর্বাত্মক সহযোগিতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তাঁরা।