ফরিদপুর প্রতিনিধি

ফ্যাসিবাদীরা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

রোববার (১৫ নভেম্বর) সকালে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আব্দুস সামাদ মুন্সি ইসলামিয়া মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, সম্প্রতি ফরিদপুরে একটি বাসে আগুন দিয়ে একজন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে একটি হাইপ তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। জনগণের সঙ্গে সম্পৃক্ত না হয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এসব অপতৎপরতার জবাব বাংলাদেশের মানুষই দেবে।

এ সময় সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান বদু, যুবদল নেতা মুন্সি ইসারতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।