ফরিদপুর প্রতিনিধি
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১২টায় এ সভা শেষ হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবার মান এবং দাপ্তরিক সমস্যা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা এবং সরকারি সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বাকাইদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ এহসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অর্জন ও সমস্যাগুলো তুলে ধরেন। জেলা প্রশাসক প্রকল্প বাস্তবায়নের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও পর্যালোচনা করা হয়। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড বা নাশকতার আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া আগামী ১৭ নভেম্বর এলপিআরজনিত কারণে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিমের বিদায় প্রসঙ্গেও সভায় আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।