বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা রোধ এবং থানার বিশেষ সেবা সম্পর্কে সচেতন করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাউফল থানার উদ্যোগে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় এ সভা হয়। বাংলাদেশ পুলিশের ‘প্রিডেইল’ প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের কার্যক্রম তুলে ধরতে এ আয়োজন করা হয়।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম। সভাপতির বক্তব্যে ওসি বলেন, কোনো শিক্ষার্থী হয়রানি, বাল্যবিবাহ বা সহিংসতার শিকার হলে সংকোচ ঝেড়ে পুলিশের সহায়তা নিতে হবে। বাউফল থানায় একজন নারী এএসআইয়ের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টার বিশেষ পুলিশ সার্ভিস ডেস্ক চালু রয়েছে। এখানে ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হয়।

সভায় আরও বক্তব্য দেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, এএসআই লামিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াসউদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফরহাদ ও ইউএনএফপিএ প্রতিনিধি কাওসার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।