ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দীর্ঘ ২৪ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা কমিটি গঠন না হওয়ায় হতাশা ও ক্ষোভ বিরাজ করছে সংগঠনটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘদিন ধরে সাংগঠনিক পরিচয় ও নেতৃত্বের অপেক্ষায় থাকা নেতাকর্মীরা বারবার কমিটি গঠনের দাবি জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগের কথা জানা যায়নি।
দীর্ঘ দুই যুগ ধরে উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পরও তারা কাঙ্ক্ষিত মূল্যায়ন পাচ্ছেন না। বারবার কমিটি গঠনের দাবি জানিয়েও কোনো সুনির্দিষ্ট আশ্বাস বা সময়সীমা না পাওয়ায় তাদের মধ্যে হতাশা বাড়ছে।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে দ্রুত ধোবাউড়া উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে।
এখন তৃণমূল নেতাকর্মীদের একটাই প্রশ্ন—আর কতদিন অপেক্ষা করতে হবে ধোবাউড়া উপজেলা যুবদলের নতুন কমিটির জন্য?