রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির ইউনিয়ন সভাপতি মো. আল আমিন শেখকে বহিষ্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে হাজার হাজার সাধারণ জনগণের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিতিদের মধ্যে থেকে সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের পতনের পর থেকে আল আমিন এই ইউনিয়নে প্রভাব খাটাতে শুরু করে এবং পরবর্তীতে সে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হলে আরও বেপরোয়া হয়ে ওঠে। বিএনপির তার বিরোধী লোকজনসহ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং অন্যদের ওপর লুটপাট, চাঁদাবাজি, ভাঙচুর, ঘের দখল, মারামারিসহ নানা অপকর্ম করতে থাকে। এলাকার বহু মৎস্য ঘের সে লুট করে নিয়ে যায়। পরবর্তীতে এনামুল হক প্রিন্স ভাইয়ের নেতৃত্বে আমাদের ইউনিয়নে শান্তি এসেছে। কিন্তু কয়েকদিন পূর্বে প্রিন্স ভাইকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রচার করেছে আল আমিন, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
একজন নারী বলেন, আল আমিন আমার স্বামীর হাত পিটিয়ে ভেঙে দিয়েছে, ঘর থেকে হাঁস-মুরগি লুট করে নিয়ে গেছে, আরও হুমকি দিয়েছে আমার স্বামীর হাত কেটে ফেলবে। পরে আমরা জাতীয় নির্বাচনে শেখ ফরিদ ইসলামকে ভোট দিয়েছি, এখন আমরা প্রিন্স ভাইয়ের সাথে আছি, খুব শান্তিতে আছি ইউনিয়নবাসী। কোনো মারামারি, লুটপাট, চাঁদাবাজি নাই, যার ঘের সে শান্তিপূর্ণভাবে খায়।
আমরা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ভাইকে বলতে চাই, এই আল আমিনকে সভাপতি পদ থেকে বহিষ্কার চাই, তার ছায়াও দেখতে চাই না। তাহলে আমরা সুখে-শান্তিতে বসবাস করতে পারব।
আরও একজন ব্যবসায়ী জানান, আমরা আল আমিনের সাথে ব্যবসা করতাম, কিন্তু সে আমাদের অংশীদারী টাকা-পয়সা দেয়নি। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে টাকা-পয়সা আত্মসাৎ করেছে, এই রকম শত শত অপরাধ আছে তার বিরুদ্ধে।
আমরা প্রতিমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, আল আমিনের বিএনপির সভাপতি থাকার কোনো অধিকার নাই, তার পদত্যাগ চাই।