বাদশাহ মিয়া

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’-এর উদ্যোগে মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে দিগনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’-এর সভাপতি সালাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রোমান প্রমুখ।

দিগনগর ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও একটি ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ৮০ জন শিক্ষার্থী এবং দুটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এ মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে ১৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা এবং তিনজনকে বৃত্তি প্রদান করা হয়। অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ে তিনজন শিক্ষার্থীকে সংবর্ধনা ও একজনকে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।