ফরিদপুর জেলা প্রতিনিধি

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শিশু হাসপাতাল প্রদক্ষিণ করে পুনরায় ডায়াবেটিক হাসপাতালে এসে শেষ হয়।

পরে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, বিশিষ্ট চিকিৎসক ডা. আলী আকবর হালদার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.বি.এম. আব্দুস সাত্তার, প্রফেসর এম. এ. সামাদ, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব ও বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ।

আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস রোগের প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নে বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে আলোচনা করা হয়। এ সময় তারা ডায়াবেটিস প্রতিরোধে সর্বস্তরের জনগণের সচেতনতা কামনা করেন।