ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের বিশিষ্ট সুরসাধক মো. আলাউদ্দিনের দীর্ঘ সংগীতসাধনা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান স্মরণে স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বইঘাটার উদ্যোগে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বইঘাটার সভাপতি ড. বিপ্লব বালার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মুসলিম মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বিশিষ্ট বাউলশিল্পী হাফিজুর রহমান পাগলা বাবলু, দৈনিক ইত্তেফাকের সহযোগী সম্পাদক মহসীন হাবিব এবং স্মারক সম্পাদনা পরিষদের প্রতিনিধি অমিত মনোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস। এ সময় বক্তব্য দেন লাইলী নাহার, বাবলা চৌধুরী, সেলিম মজুমদার, ফিরোজা বেগম ও কবি জাহাঙ্গীর খান।
অনুষ্ঠানে সুরসাধক মো. আলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা সংগীত ও সংস্কৃতির অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সাধনা ও অবদানের কথা তুলে ধরেন।
এ ছাড়া অনুষ্ঠানে মো. আলাউদ্দিনের সংগীতজীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্র প্রদর্শন করা হয়। পরে তাঁর পরিচালনায় যন্ত্রসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।