ফরিদপুর জেলা প্রতিনিধি

নন্দিত কথাসাহিত্যিক ও জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘হুমায়ূন আহমেদ আমাদের গভীর শ্রদ্ধা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেন। আলোচনা সভায় তিনি বলেন, হুমায়ূন আহমেদ জীবদ্দশায় বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে মোট সাতবার ফরিদপুরে এসেছিলেন।

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের সঙ্গে ব্যক্তিগত স্মৃতি নিয়ে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক মফিজ ইমাম মিলন। এ ছাড়া বক্তব্য দেন প্রবীণদের নিয়ে গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত হাসান আলী, লেখক মৃধা রেজাউল, অধ্যাপক লিয়াকত হীমু, নাট্যজন শরীফ সোহান এবং ফরিদপুর সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক শামীম আরা বেগম। বক্তারা বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের অবদান, তাঁর লেখনীর স্বাতন্ত্র্য এবং পাঠকপ্রিয়তা নিয়ে আলোচনা করেন।

সাংস্কৃতিক কর্মী সজল বাড়ৈ পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলোচনা শেষে শিল্পী আসমা বেগম হুমায়ূন আহমেদের গান পরিবেশন করেন। অনুষ্ঠানে বক্তারা বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।