আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের প্রায় আধাকিলোমিটার রাস্তা নির্মাণ করে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার হোসেন। এ ছাড়াও তিনি গ্রামীণ সড়ক উন্নয়ন ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের হাসেম খন্দকারের বাড়ি হতে একই গ্রামের আজাদ খানের বাড়ি পর্যন্ত প্রায় আধাকিলোমিটার শতাধিক মানুষের ব্যবহারে অনুপযোগী রাস্তাটি নির্মাণ করেন তিনি। এ ছাড়াও তিনি রঙ্গরায়েরকান্দী গ্রামে, গোপালিয়া, সোনাপুর, ফুকরাসহ বিভিন্ন গ্রামের রাস্তা সংস্কার করেছেন তাঁর নিজ অর্থে। এ ছাড়াও অনেক অসহায় পরিবারের মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন তিনি। পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ও অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসছেন বলে দাবি এলাকাবাসীর।
ছরোয়ার হোসেন বলেন, আমিও গ্রামের সন্তান, ব্যবসার সুবাদে শহরে বসবাস। আমি গ্রামে ঘুরে ঘুরে দেখেছি, গ্রামের মানুষ খুব সহজ-সরল। বিভিন্ন সময় এই সরল মানুষদের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে, কিন্তু নির্বাচিত হওয়ার পর আর খোঁজ রাখেননি। তাই আমি না পাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমি যেন সারাজীবন এই সব মানুষের পাশে থাকতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন।
তিনি আরও বলেন, জনগণ যদি আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেন, এই সোনাপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব পরিষদ হিসেবে গড়ে তুলব।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আজাদ খান ও তারা মিয়া বলেন, ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে ইতিমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে সাড়া ফেলেছেন ছরোয়ার হোসেন।