ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভার মালিকানাধীন পুকুরগুলো দখলমুক্ত ও সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশ উন্নয়ন ফোরাম ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটি এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন ও সমাবেশে শহরের ঐতিহ্যবাহী চকবাজার কাঠপট্টি ও চকবাজার দুটি পুকুর সংস্কার, দৃষ্টিনন্দন ঘাট নির্মাণ এবং পুকুরের চারপাশে সবুজায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে শহরের নদী-নালা ও জলাশয় সংস্কার, আবর্জনা পরিষ্কার, যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, ফরিদপুর শহরের পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঐতিহ্য সংরক্ষণে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা জরুরি। পরিকল্পিতভাবে পুকুর সংস্কার, ঘাট নির্মাণ ও বৃক্ষরোপণ করা হলে শহরের প্রাকৃতিক পরিবেশের উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যবাহী জলাশয়গুলোও নতুন প্রাণ ফিরে পাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের এই দাবিগুলো অবিলম্বে পূরণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, সংগঠনের সহসভাপতি তৌহিদুল ইসলাম স্ট্যালিন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, রেহেনা পিয়া, অধ্যাপক লোকমান হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ ও অধ্যাপক শরিক জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কমিটির সদস্য ইরা নাহার, দিবা, রুমা তাহেরা, চরভদ্রাসনের কবির হোসেন, সাংবাদিক বেলায়েত হোসেন লিটন, ইয়াকুব আলী তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।