আনিসুর রহমান স্টাফ রিপোর্টার

কৃষকের দুঃখ-দুর্দশা, কর্মসংস্থানের অভাব এবং গ্রামীণ জনপদের মানুষের জীবনসংগ্রামের চিত্র উঠে এসেছে কবি মো. আব্দুর রশিদের লেখা ‘গরিবের কান্নায় প্রকল্প মঞ্জুর’ শীর্ষক কবিতায়।

কবিতায় তুলে ধরা হয়েছে, গ্রামের দরিদ্র মানুষের কর্মসংস্থানের অভাব ও কৃষিকাজে পানির সংকটের কথা। অভাব-অনটনে দিন কাটানো মানুষের কষ্ট দূর করতে গ্রামের এক ব্যক্তি উদ্যোগ গ্রহণ করেন। তিনি গ্রামবাসীকে নিয়ে আলোচনা করে বরেন্দ্র অফিসে গভীর নলকূপ স্থাপনের জন্য আবেদন করেন।

কবিতার বর্ণনা অনুযায়ী, আবেদন করার কয়েক দিন পর প্রকল্পটি অনুমোদন পায় এবং গ্রামে গভীর নলকূপ স্থাপন করা হয়। এতে কৃষিকাজে সেচের সুবিধা তৈরি হয়। পাশাপাশি কৃষকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ে এবং ধনী-গরিব সবার মধ্যে আনন্দ ফিরে আসে।

কবি তাঁর লেখায় তুলে ধরেছেন, একটি উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা কীভাবে গ্রামের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কৃষকের মুখে হাসি ফোটানো, দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার বার্তাই কবিতাটির মূল বিষয়।

কবি মো. আব্দুর রশিদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুপুর, রিশিকুল এলাকার বাসিন্দা। তাঁর এই কবিতায় সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, কৃষকের জীবনসংগ্রাম এবং উন্নয়নের প্রত্যাশা সুন্দরভাবে ফুটে উঠেছে।

কবির প্রত্যাশা—দেশের প্রতিটি গ্রামের দরিদ্র মানুষ কাজের সুযোগ পাবে, কৃষক সেচের সুবিধা পাবে এবং ধনী-গরিব সবাই মিলে সুন্দর ও আনন্দময় জীবন গড়ে তুলবে।