তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরসহ খরাপ্রবণ বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলায় ৭০০ কিলোমিটার খাল ও ৬০০টি পুকুর পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে প্রায় ১৪৩ কিলোমিটার খাল ও ২৫০টি পুকুর পুনঃখনন করা হয়েছে। এতে ভূগর্ভস্থ পানির চাপ কমছে এবং একদিকে সেচের পানির নতুন উৎস তৈরি হচ্ছে, অন্যদিকে কমছে কৃষকের উৎপাদন খরচ। বাড়ছে ফসলের ফলনও।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের খরাপ্রবণ এলাকায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে অর্থ মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। তাদের ১৮টি সহযোগী সংস্থার মাধ্যমে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তিন কোটি মার্কিন ডলারের এ প্রকল্পের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। এর মূল লক্ষ্য ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো, কৃষিতে সেচের বিকল্প উৎস তৈরি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানো। প্রকল্পের আওতায় ২ হাজার ৫০০ বাড়ির ছাদে এবং ৪০টি পুকুরে ‘ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ’ (এমএআর) বা নিয়ন্ত্রিত ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে এক হাজার ৬০০ বাড়িতে এ ব্যবস্থা চালু হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় ২ লাখ ১৫ হাজার মানুষ সারা বছর ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্র প্রকল্পের সমন্বয়ক ফজলে হোসাইন বলেন, ভূগর্ভস্থ পানির উত্তোলন কমানো, ব্যবহৃত পানি পুনরায় কাজে লাগানো, বৃষ্টির পানি দিয়ে ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণ এবং খাল দিয়ে প্রবাহিত পানি কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো গড়ে ১৫ ফুট পর্যন্ত গভীর করে খনন করা হচ্ছে। এতে অন্তত ১৫ বছর কৃষকেরা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। একসময়ের শুকনো খালগুলোতে আবার পানি জমছে। ফলে সেচের খরচ কমার পাশাপাশি কৃষকেরা উন্নত সেচব্যবস্থার কৌশলও শিখছেন। প্রকল্পের সুফল ইতোমধ্যে কয়েকটি এলাকায় দৃশ্যমান হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের (ইউপি) পুনঃখনন করা জোলাহার খাল এবং নওগাঁর কয়েকটি পুকুরে এখন পানি জমছে। এসব পানি আশপাশের কৃষিজমিতে সেচের কাজে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন পলি ও আগাছায় ভরাট হয়ে থাকা খাল-পুকুরগুলো পুনরুদ্ধারের ফলে কৃষি ও গৃহস্থালি কাজে পানির নতুন উৎস তৈরি হয়েছে।

এদিকে বৃষ্টির পানি সংরক্ষণ ও ভূগর্ভে পৌঁছে দিতে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদকে কাজে লাগানো হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সরকারি এবি উচ্চবিদ্যালয়ের ৩ হাজার ৮৬০ বর্গমিটার ছাদ থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে ভূগর্ভে পাঠানো হচ্ছে। এমএআর পদ্ধতিতে বৃষ্টির পানি বা অতিরিক্ত ভূপৃষ্ঠস্থ পানি সংগ্রহ ও পরিশোধনের পর ভূগর্ভস্থ স্তরে পাঠানো হয়। এতে বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি শুষ্ক মৌসুমে ব্যবহারের জন্য সংরক্ষণ করা সম্ভব হয়।

প্র প্রকল্পের আরেক কর্মকর্তা সামিউল হক টুটুল বলেন, চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষক সেচের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে উদ্বিগ্ন ছিলেন। পুনঃখনন করা খালগুলোতে পানি জমায় এখন তাঁরা সেখান থেকে জমিতে সেচ দিতে পারছেন। পাশাপাশি কৃষকদের জমিতে সব সময় পানি জমিয়ে না রেখে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়ার পদ্ধতি শেখানো হচ্ছে। ছোট ছিদ্রযুক্ত পিভিসি পাইপের সাহায্যে মাটির নিচের পানির অবস্থা পর্যবেক্ষণ করেও সেচের সময় নির্ধারণ করা হচ্ছে। এতে পানির ব্যবহার ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে, অথচ ফলন কমেনি; বরং বেড়েছে।

পিকেএসএফের বরাত দিয়ে কৃষক সাইদ হোসেন জানান, গত বছর একই জমিতে ১৮০ মণ ধান পেয়েছিলেন। এ বছর পেয়েছেন প্রায় ২০০ মণ। সেচের খরচও কমেছে প্রায় ৩০ শতাংশ। পানি সংরক্ষণের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের সবুজ আচ্ছাদন বাড়াতেও উদ্যোগ নিয়েছে পিকেএসএফ। তিন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রায় ১০ লাখ ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রায় দুই লাখ চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। নিম, জলপাই, অর্জুন, বেল, আমড়া, সফেদা ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির চারা দেওয়া হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচটি করে চারা দিয়ে সেগুলোর পরিচর্যা ও বেড়ে ওঠার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বরেন্দ্র অঞ্চলে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘ শুষ্ক মৌসুম এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে পানির সংকট ক্রমেই প্রকট হচ্ছে। এ পরিস্থিতিতে খাল-পুকুর পুনঃখনন, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ জলস্তর পুনর্ভরণ ও কৃষিতে সাশ্রয়ী সেচব্যবস্থার সমন্বিত উদ্যোগ দীর্ঘমেয়াদে এ অঞ্চলের কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবিষয়ে বিএমডিএ’র নির্বাহী পরিচালক (গ্রেড-২) প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান বলেন, এ প্রকল্প গ্রহণের ফলে ভূগর্ভস্থ পানির চাপ কমছে এবং একদিকে সেচের পানির নতুন উৎস তৈরি হচ্ছে, অন্যদিকে কমছে কৃষকের উৎপাদন খরচ। বাড়ছে ফসলের ফলনও।