পিরোজপুর প্রতিনিধি: ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ এ স্লোগান সামনে রেখে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা মাগরিব পর্যন্ত পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মীয় নেতাকর্মী ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাহ ওয়াল জামাত পাকিস্তানের আমির মাওলানা গাজী আওরঙ্গজেব ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, সহপ্রচার সম্পাদক মুফতি শফিক সাদীসহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম। সম্মেলনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি, পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, ‘শেখ হাসিনাকে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার কথা বলেছিলাম, কিন্তু তিনি তা করেননি। তাই তাঁকে দিনের আলোতে পালিয়ে যেতে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বলেছি, আপনি একজন মুসলিম। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাস করুন।’
সম্মেলনে বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান। একই সঙ্গে এ দাবির পক্ষে সংসদে আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।