তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে এক সাবেক এনজিও কর্মীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পলাশ আলীকে (২৯) সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও চরম হয়রানি করার উদ্দেশ্যেই এই সাজানো মামলা করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

মামলা সূত্রে জানা গেছে, তানোর উপজেলার মুণ্ডুমালা শাখার ‘সমাজ কল্যাণ সংস্থা (ফেমাস)’-এর কর্মী জনৈক নারী (২৭) বাদী হয়ে একই প্রতিষ্ঠানের সাবেক সহকর্মী পলাশ আলীর বিরুদ্ধে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১নং আদালতে একটি পিটিশন মামলা (নং-৬৭/২০২৬) দায়ের করেন। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের ৯(৪)(খ) ধারায় দায়েরকৃত ওই মামলায় বাদী অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে রাত পৌনে ৯টার দিকে ফাউলিয়া মোড় থেকে পাঁচন্দর যাওয়ার রাস্তায় পলাশ আলী তার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান।

তবে মামলার এজাহারে উল্লেখিত ঘটনার বিবরণকে সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত পলাশ আলীর স্বজন ও সহকর্মীদের একাংশের দাবি, ঘটনার তারিখ ও সময়ে পলাশ আলী সেখানে উপস্থিতই ছিলেন না। মূলত কর্মক্ষেত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে বাদী শুকতারা খাতুন আইনের অপব্যবহার করে এই মিথ্যা মামলাটি সাজিয়েছেন। একজন নিরপরাধ কর্মীকে ফাঁসাতে এমন স্পর্শকাতর আইনের অপপ্রয়োগের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পলাশ আলীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “শুধুমাত্র হয়রানি ও মানসম্মান নষ্ট করার উদ্দেশ্যেই এই মিথ্যা মামলা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাই। সঠিক তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং নির্দোষ ব্যক্তি ন্যায়বিচার পাবে।”

এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, নারী নির্যাতনের মতো স্পর্শকাতর আইনের অপব্যবহার রোধে তদন্তকারী কর্মকর্তাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন, যাতে কোনো নির্দোষ ব্যক্তি মিথ্যা মামলার শিকার হয়ে ভোগান্তিতে না পড়েন।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর হাসান বলেন, গ্রেফতারি পরোয়ানা থাকায় আসামিকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।