ফরিদপুর জেলা প্রতিনিধি
‘আমি গর্বিত, আমি মহিমীয়ান’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা থেকে জানানো হয়, আগামী ১৬ জানুয়ারি ২০২৭ সালে মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি উপলক্ষে মহামিলন মেলা ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, পুনর্মিলনীর মূল লক্ষ্য দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের একত্রিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, জমিদাতা, অর্থ ও অবকাঠামোগত সহায়তাকারীদের অবদান স্মরণ এবং সাবেক ও বর্তমান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ভবিষ্যতে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মহিম ইন্সটিটিউশনের সভাপতি ড. মোহাম্মদ কবীর মিয়া, সাধারণ সম্পাদক হাজী গোলাম মোহাম্মদ মারুফ, র্যালিপ্রধান অ্যাডভোকেট প্রদীপ কুমার সাহা ও র্যালি সহকারী সৈয়দ কুটুসহ পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. শামীম হোসেন, মো. আব্দুর রশিদ, আওলাদ হোসেন মিন্টু, আফজাল সরদার, কামরুল ইসলাম সিদ্দিকী, অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, মোহাম্মদ মহসিন শেখ, কাজী কামরুল, মো. ইব্রাহিম শেখ, এম এ সাত্তার নান্নু, চিকিৎসক প্রকাশ স্বরূপ রায় (অপু), রাকিবুল রহমান সুজন, সাখাওয়াত হোসেন রাজুসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
শোভাযাত্রা থেকে ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব সফল করতে আগামী ১৬ জানুয়ারি সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকদের আশা, এই উৎসব মহিম ইন্সটিটিউশনের ইতিহাসে এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।