আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিগলকান্দি গ্রামে ফসলি জমিতে পুকুর খননের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এদিন অভিযানকালে ঘটনাস্থলে মাটি কাটার প্রস্তুতির বিষয়টি পরিলক্ষিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যবহৃত ট্রাক্টরসহ ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে পুকুর খননের উদ্যোগ গ্রহণকারীর সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়। আলোচনায় তিনি জনসাধারণের ফসলি জমি ও চলাচলের রাস্তার ক্ষতিসাধন করে মাটি কাটার কার্যক্রম পরিচালনা করবেন না বলে আশ্বস্ত করেন এবং একই সঙ্গে বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে লিখিত অঙ্গীকারনামা দেবেন বলে তিনি অভিযানকালে উপজেলা প্রশাসনকে জানান।

এদিকে ফসলি জমি সংরক্ষণ, জনসাধারণের চলাচলের রাস্তা সুরক্ষা এবং মাটি কাটার কারণে সৃষ্ট সম্ভাব্য জনদুর্ভোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।