প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী:

নোয়াখালীর বেগমগঞ্জে শহীদ হোসেন মনা হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে চৌমুহনী বাজারে নোয়াখালী-চট্টগ্রাম প্রধান সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুল কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। পুলিশের আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা ফুয়াদ, রিমন, জসিম, কাশেম, স্বপন ও আবুল হোসেনকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় বক্তব্য দেন নুরুল আমিন, আব্দুল মমিন, দুলাল মিয়াসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। বক্তারা বলেন, প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ আরও বাড়বে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাদু মুহুরীর বাড়িতে বুল মিয়ার ছেলে শহীদ হোসেন মনাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামুন নামে আরও একজন গুরুতর আহত হন।

ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নিহতের স্বজন এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বুধবার চৌমুহনী বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এলাকাবasীর দাবি, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনানুগ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।