হুমায়ন আহমেদ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া–আসমানখালী সড়কের শালিকা এলাকায় একটি কালভার্টের বেহাল অবস্থা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা কালভার্টটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। সামান্য অসতর্কতায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয়দের ভাষ্য, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইকসহ নানা ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু কালভার্টটির বর্তমান অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ যে, এটি পার হতে গিয়ে চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত দৃশ্যমানতা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি।

শালিকা গ্রামের বাসিন্দা উজ্জ্বল হোসেন, পথচারী রকিবুল হাসান ও বাসচালক শিমুল জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করতে গিয়ে তারা আতঙ্কের মধ্যে থাকেন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর মতে, জনসাধারণের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কালভার্টটি দ্রুত সরেজমিনে পরিদর্শন করা প্রয়োজন। শুধু সাময়িক সংস্কার নয়, টেকসই সমাধানের জন্য সেখানে নতুন কালভার্ট নির্মাণ করতে হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রশ্ন উঠেছে, ঝুঁকিপূর্ণ এই কালভার্টটি কি বড় কোনো দুর্ঘটনার আগেই সংস্কার বা পুনর্নির্মাণ করা হবে? নাকি প্রাণহানির মতো ঘটনা ঘটার পরই শুরু হবে কর্তৃপক্ষের তৎপরতা?