ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আহত স্কুলছাত্রী ও অভিযুক্ত কিশোরের স্বাভাবিক ও হাসি-খুঁশি থাকা এমন একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফেসবুক আইডি থেকে শেয়ার করা এসব ছবি ও ভিডিও ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি রেস্টুরেন্টে বসে দুজন খাবারের মেনু দেখছেন। অন্য একটি ছবিতে সামনে বেশকিছু ফুল রেখে তাদের হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিগুলো সামনে আসার পর তাদের পূর্বপরিচয় ও সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন অনেকে।
কেউ কেউ দাবি করছেন, তাদের মধ্যে আগে থেকেই পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ কিংবা অভিমান থেকে এ ঘটনা ঘটতে পারে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, জাকিয়ার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ইমন। একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। এসব ঘটনার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ইমন তার ওপর ছুরিকাঘাত করে বলে অভিযোগ পরিবারের।
তবে ইমনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সোমবার (০৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানাপাড়ায় ভাড়া বাসার গেটের সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এসময় সেখানে এসে ইমন ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় ইমন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
ওইদিন রাতে ভুক্তভোগী জাকিয়ার বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে (মামলার নম্বর ১৭/৪৩৯)।
ঘটনার পর ইমন ও তার মা শহরের পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান।
জানা গেছে, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে থাকেন।
প্রতিবেশীরা জানান, ইমন একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বারবার অকৃতকার্য হওয়ার কারণে এর আগে একাধিকবার স্কুল পরিবর্তন করেছে বলে জানা গেছে। তাকে এলাকায় খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গেও তার তেমন মেলামেশা ছিল না। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন প্রতিবেশীরা।
ঘটনার পর মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে নেওয়া হলে শুনানি শেষে বিচারক কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠালে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে।