যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। ডা. আহসান কবিরকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন ভারপ্রাপ্ত আরএমও হিসেবে যোগদান করেছেন একই হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. নাহিদ সিরাজ।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন সাফায়াত গত ৯ নভেম্বর এ সংক্রান্ত এক আদেশ জারি করেন। আদেশে বলা হয়, ডা. আহসান কবিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ডা. নাহিদ সিরাজকে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন দায়িত্বে প্রথমবারের মতো অফিস করেন ডা. নাহিদ সিরাজ। হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালাল নির্মূলে কঠোর অবস্থানে থাকবেন এমনটাই দৈনিক ‘সময়ের প্রত্যাশা’কে জানিয়েছেন তিনি।