জয়পুরহাট জেলা প্রতিনিধি
“যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করুন”—এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের উলিপুর খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলমসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের সচেতন নাগরিক ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।” তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
মাদক প্রতিরোধ কমিটি, মাত্রাই, কালাই, জয়পুরহাট এ সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করেন কালাই উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়।