আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ নভেম্বর দুই দিনব্যাপী কেন্দ্রীয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল ‘আর্টসেল’ ও ‘হাইওয়ে’। এর সঙ্গে যুক্ত হবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএসটিইউ সংগীত সংগঠন পিএসটিইউ মিউজিক ক্লাব।
জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক হাসান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ বিষয়ে অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মৃন্ময় মণ্ডল বলেন, প্রিয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য এবারের বিদায়ী সংবর্ধনায় একটি স্মরণীয় ও ব্যতিক্রমী আয়োজন উপহার দিতে চাই। দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ সংগীত পরিবেশনা। এবারের আয়োজনে দেশের জনপ্রিয় দুটি ব্যান্ড দল ‘আর্টসেল’ ও ‘হাইওয়ে’ সংগীত পরিবেশন করবে। ফলে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলার সাথে সম্পন্ন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
মৃন্ময় মণ্ডল বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আয়োজক ব্যাচ ২০২২-২৩ এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিক হলে একটি স্মরণীয় আয়োজন উপহার দিতে পারব বলে আশা করছি।
আয়োজক কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ছিল ৭ নভেম্বর ২০২৬। রেজিস্ট্রেশন ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এবারের কেন্দ্রীয় বিদায় সংবর্ধনার নাম দেওয়া হয়েছে ‘একাত্ম-২১’।