প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচার আদালত গ্রেপ্তার প্রত্যেককে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বেগমগঞ্জ থানাধীন কালাপুল ব্রিজ সংলগ্ন শহিদ মিয়ার টিনশেড ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বেগমগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আব্দুল গোরখান ও রেখা বেগমের ছেলে মো. রাসেল (২২), একই এলাকার মৃত সোহাগ মিয়া ও সুমি বেগমের ছেলে আশরাফুল হক পিয়াস (অন্তর) (২২) এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার বেলাল হোসেন ও রোসনা বেগমের ছেলে ইয়াছিন আরাফাত (৫০)।
অভিযান শেষে আটক তিনজনকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১০ (দশ) দিনের সশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।