আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফেসবুকে নিজের নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. মেছবাহুল আলম।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভূরুঙ্গামারী থানায় তিনি এ জিডি করেন। এ ঘটনায় জিডি নম্বর ৪০৮।

জিডি সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর দুপুরে ফেসবুক ব্যবহার করার সময় ‘আপডেট নিউজ’ নামের একটি পেজে নিজের নাম ও ছবি দেখতে পান মেছবাহুল আলম। ওই পেজে তাঁকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ‘আপডেট নিউজ’ নাম ব্যবহার করে এসব তথ্য প্রচার করছেন। এতে তাঁর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়ে থানায় জিডি করেন তিনি।

মো. মেছবাহুল আলম বলেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।