ফরিদপুর জেলা প্রতিনিধি
ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহাবিদ্যালয়, কবিরের মোড় ও সুইচগেট বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় মশক নিধনের পাশাপাশি বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও পানির পাত্রে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানানো হয়।
পৌরসভার পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা। মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় ফরিদপুর পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ দত্ত, বাজার পরিদর্শক কাউসার খানসহ ফরিদপুর পৌরসভার কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।