ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বাদশা শেখ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার পশ্চিম হাসানদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা শেখ ওই এলাকার শফি শেখের ছেলে। তিনি কানে কম শুনতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশের রেললাইনে ঘোরাঘুরি করার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন বাদশা শেখ। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৮টা ৫০ মিনিটে তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।