রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:
অন্যের দুঃখ-দুর্দশার খবর তুলে ধরেছেন দীর্ঘদিন। মানুষের বিপদ-আপদ ও অসহায়ত্বের কথা পৌঁছে দিয়েছেন সবার কাছে। আজ সেই সাংবাদিকই নিজের জীবন বাঁচানোর আকুতি জানাচ্ছেন। গুরুতর কিডনি রোগ ও স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। কিন্তু জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের জটিলতায় আটকে আছে তাঁর চিকিৎসার প্রস্তুতি। একদিকে ক্রমেই অবনতিশীল শারীরিক অবস্থা, অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্রের দীর্ঘ প্রক্রিয়া—এই দুইয়ের চাপে দিশেহারা তিনি।
রোববার (৮ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন ইসাহাক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর আবেদন, শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে যেন দ্রুত সমস্যার সমাধান করা হয়।
ইসাহাক জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন তিনি। গত তিন বছর ধরে স্ট্রোকজনিত জটিলতাও রয়েছে। বর্তমানে তাঁর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি, যা তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতির ইঙ্গিত দিচ্ছে। একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। প্রায় সাত দিন আইসিইউতেও চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু পরিচয়সংক্রান্ত কাগজপত্রের জটিলতা সেই প্রস্তুতিকে অনিশ্চয়তায় ফেলেছে।
জন্মপরিচয়ের ভিন্নতায় দাপ্তরিক জটিলতা
ইসাহাকের পরিচয়সংক্রান্ত সমস্যার পেছনে রয়েছে তাঁর পারিবারিক জীবনের এক ভিন্ন বাস্তবতা। জন্মের পর থেকে বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন তিনি। তাঁদেরই নিজের বাবা-মা হিসেবে জেনে এসেছেন। পরে জানতে পারেন, তাঁর জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম।
তাঁর জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে রয়েছে যাঁদের কাছে তিনি বড় হয়েছেন, সেই পালিত বাবা-মায়ের নাম। অন্যদিকে জমিজমার দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। পরিচয়সংক্রান্ত এই ভিন্নতার কারণে সম্পত্তিসংক্রান্ত কাজসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে।
সমাধানের আশায় জন্মনিবন্ধন সংশোধন করেছেন এবং প্রয়োজনীয় এফিডেভিটও সম্পন্ন করেছেন ইসাহাক। উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে তাঁর পারিবারিক পরিচয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। শিক্ষাগত সনদ সংশোধনের আগে অন্য কোথাও তা ব্যবহার করবেন না—এমন অঙ্গীকারনামাও নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তিনি।
এরপরও কাটেনি এনআইডি সংশোধনের জটিলতা। তিনি বলেন, গত রোববার নির্বাচন কমিশন থেকে তাঁকে খুদে বার্তা পাঠিয়ে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদে নাম সংশোধন করে জমা দিতে বলা হয়েছে।
১৫ দিনে সনদ সংশোধন কি সম্ভব?
শিক্ষাগত সনদ সংশোধনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন ইসাহাক। তবে শিক্ষা বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মাত্র ১৫ দিনের মধ্যে সংশোধিত সনদ হাতে পাওয়া বাস্তবে সম্ভব নয় বলে মনে করেন তিনি। এদিকে তাঁর শারীরিক অবস্থাও দিন দিন জটিল হচ্ছে।
ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে ইসাহাক বলেন, তাঁর পালিত বাবা এখন শয্যাশায়ী। বিছানা থেকে উঠতে পারেন না। জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। নিজেও এমন অসুস্থ যে অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারেন না। এই অবস্থায় সনদ সংশোধনের দীর্ঘ প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় থাকাটা তাঁর জন্য আরও উদ্বেগের।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষাগত সনদে বাবা-মায়ের নাম সংশোধন সময়সাপেক্ষ বিষয়। ১৫ দিনের মধ্যে তা করা সম্ভব নয়।
রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষাগত সনদ সংশোধন করে আবেদন করতে হবে। তবে ১৫ দিনের মধ্যে সনদ সংশোধন সম্ভব নয় বলে জানানো হলে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।
কাগজপত্রের অপেক্ষায় যেন আটকে না থাকে চিকিৎসা
ইসাহাকের দাবি, তাঁর অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিমধ্যে সম্পন্ন হওয়া তদন্ত এবং জমা দেওয়া নথিপত্রের ভিত্তিতে এনআইডি সংশোধনের জটিলতা দ্রুত নিরসন করা হোক। সংশোধিত সনদ হাতে পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার কোনো আইনসম্মত বিকল্প ব্যবস্থা রয়েছে কি না, তা বিবেচনারও আহ্বান জানিয়েছেন তিনি।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইসাহাকের চাওয়া খুব বেশি কিছু নয়—চিকিৎসার সুযোগ, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ, স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ।
তাঁর আকুতি, “আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই। পরিবারের কাছে ফিরে স্বাভাবিকভাবে বাকি জীবনটুকু কাটাতে চাই।”
যে মানুষটি দীর্ঘদিন অন্যের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন, আজ তাঁর নিজের অসহায়ত্বই যেন বড় হয়ে উঠেছে। গুরুতর অসুস্থ এই সাংবাদিকের চিকিৎসার প্রয়োজনীয়তা ও সময়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধানের পথ বের করবে—এমন প্রত্যাশা তাঁর স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।
কাগজপত্র সংশোধনের প্রক্রিয়া চলুক নিয়ম মেনেই। তবে সেই প্রক্রিয়ার দীর্ঘ অপেক্ষায় যেন জরুরি চিকিৎসার সুযোগ হারিয়ে না যায়। ইসাহাকের কাছে এখন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। তাঁর বাঁচার আকুতির সামনে তাই বড় হয়ে উঠেছে একটি মানবিক প্রশ্ন—জীবন রক্ষার জরুরি প্রয়োজনে প্রশাসনিক জটিলতার আইনসম্মত সমাধান কি আরও দ্রুত সম্ভব নয়?