আখতার হোসেন, যশোর সদর উপজেলা প্রতিনিধি

যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং (বারিট) জেলা শাখার আয়োজনে রোববার সকালে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের লালদিঘি পাড়ে একটি রেস্টুরেন্টে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও রেডিওলজি বিভাগের প্রধান ডা. আবু সাইদ বলেন, প্রতি বছর ৮ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক রেডিওগ্রাফি দিবস। মূলত এক্স-রে আবিষ্কারের দিনটিকে স্মরণ করা হয়। ১৮৯৫ সালে উইলহেল্ম কনরাড রন্টগেন এক্স-রে আবিষ্কার করেন, যা চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায়। আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি শাখায়, বিশেষ করে ক্যানসার ব্যবস্থাপনায়, রেডিওলজির ভূমিকা অপরিসীম।

অন্যান্য আলোচকবৃন্দ বলেন, আধুনিক ক্যান্সার চিকিৎসার প্রথম ধাপ হলো সঠিক নির্ণয়। এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি, এসব রেডিওলজিক ইমেজিং পদ্ধতির মাধ্যমে রোগের অবস্থান, বিস্তার ও অঙ্গ প্রতঙ্গের সম্পৃক্ততা নির্ভুলভাবে নির্ধারণ করা যায়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বারিট সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হানসহ আরও অনেকে। আলোচনা শেষে কেক কাটা ও মিষ্টি মুখের আয়োজন করা হয়।