ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবসে প্রধান অতিথির বক্তব্যে মোছা. ফরিদা ইয়াসমিন (সংসদ সদস্য, ৩০৬-সংরক্ষিত নারী আসন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য) বলেন, ১৯০৪ সালে সমবায় আন্দোলনের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমবায়কে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সমবায় খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, একসময় দেশের সমবায় আন্দোলনের যে অবস্থান ছিল, তা এখন আর নেই। ধীরে ধীরে এ আন্দোলন পিছিয়ে পড়েছে। সমবায় খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিদ্যমান আইন সংশোধন করে যুগোপযোগী করতে হবে। সমবায় সমিতিগুলোকে এনজিওর সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকার সক্ষমতা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সমবায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

রোববার (৮ নভেম্বর) সকালে ভেড়ামারা উপজেলা চত্বরে অডিটোরিয়ামে মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাত।

জাতীয় সমবায় দিবসে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা আবু দাউদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. তারেক হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামশেদ আলী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার।

বক্তারা বলেন, সমবায় সমিতিগুলোর মধ্যে দুর্নীতির কারণে বেশিরভাগ সমিতি নষ্ট হয়ে গেছে এবং তাদের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। হাতে গোনা কয়েকটি সমিতি সফলভাবে কাজ করছে। অথচ সমবায় আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। সমবায় আন্দোলনকে সফল করতে হলে সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করতে হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া সাহিত্য পরিষদ-কেএসপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাং আসমান আলী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন এবং উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।