চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ফরিদপুরের চরভদ্রাসনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন, সাংবাদিক মেজবাহ উদ্দিন ও আব্দুস সালাম, চরভদ্রাসন উপজেলা বিআরডিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল শিকদার, চর হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম, সমিতির সদস্য রাধাকান্ত বড়াই, ওয়াছেল মাস্টার, সাইদুর রহমান ও কাইয়ুমসহ অন্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশের এসআই গোলাম হোসেন, চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা, চরভদ্রাসন হাটবাজার বণিক সমিতির সভাপতি আলমগীর হোসেন মোল্যা, রতন টিকাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।

বক্তারা বলেন, সমবায় এমন একটি সংগঠিত অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, বিশ্বাস ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সদস্যরা নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। ক্ষুদ্র সঞ্চয়কে পুঁজি করে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা, কৃষি ও উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, নারী ও যুবসমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে সমবায় সমিতি কার্যকর ভূমিকা রাখতে পারে। সমবায় খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে।

দিবসটি উদযাপনের মধ্য দিয়ে সমবায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে সফল তিনটি সমবায় সমিতির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।