মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা ও উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

এ সময় বক্তব্য দেন মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মোক্তার হোসেন, সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম তানজিম নাইম, প্রকৌশলী গোলাম আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম আরেফিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, দেশপ্রেম ও জাতীয় জীবনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।