চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ আফজাল ফকির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিএস ডাঙ্গী এলাকার স্বাধীনতা চত্বর সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্বাধীনতা চত্বর সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় আফজালকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন হাজার টাকা।
আফজাল ফকির উপজেলার আরশাদ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. কামাল ফকিরের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।